চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের জামে’আ কোরবানিয়া বালক-বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ এশা মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘জীবন পরিচালনায় ধর্ম আমাদের দিকনির্দেশনা দেয়। ধর্মীয় চেতনা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশ পরিচালনায় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বজায় রাখা জরুরি। ধর্ম নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আমাদের সকলকেই যার যার স্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ও গবেষক আল্লামা তারেক মনোয়ার। তিনি তাফসির পেশ করে কুরআনের আলোকে নৈতিক ও আধ্যাত্মিক জীবনের গুরুত্ব তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সহসভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
সমীকরণ প্রতিবেদন