চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেছেন, ‘৫৩ বছর সব দলকে দেখেছি, এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই।’ গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পূর্বে আমাদের বাড়িতে বাড়িতে খোঁজা হতো। মামলা থেকে রেহাই পায়নি একজন রিকশাচালক। আমরা কখনও অপরাধের ব্যাখ্যা পাইনি। হাসিনা ক্ষমতায় এসে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল। পুলিশকে তাঁর নিজের মতো করে তৈরি করেছিল। বেনজীরের মতো হাজারো বেনজীর জন্ম দিয়েছিল। বাংলাদেশের বর্ডারকে দুর্বল করা হয়েছিল। সীমান্তে ফেলানি হত্যাসহ অহরহ হত্যাকাণ্ডের সামান্য প্রতিবাদটুকুও করা হয়নি।’
রুহুল আমিন বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকবে তা আওয়ামী লীগ ভাবেনি, যদি ভাবতো তাহলে গুটি কয়েক ব্যক্তিকে হাজার হাজার কোটি টাকার মালিক বানাতো না। আপনারা আমাদের ব্যাংক দখল করে নিলেন, কোচিং সেন্টারগুলি দখল করে নিলেন, কিন্তু চালাতে পারলেন না। শুধু দুনিয়ায় নয়, আখেরাতের শান্তির জন্য জামায়াতের কর্মীরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, তাদেরকে টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না।’ তিনি আরও বলেন, কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আদাদুজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইসরাইল হোসেন, জিয়াউল হক ও হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, মোহাম্মদ সাইদুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম।
সমীকরণ প্রতিবেদন