ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও তরিকুল হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি কুরআন অবমাননার প্রতিবাদ ও ইসলাম বিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা মাশায়েখরা। ঘটনার দিন ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় ওলামাদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের শ্বশুর আবু বকর।
এই হত্যা মামলায় সাইদুল করিম মিণ্টুকে রিমান্ডে পাঠায় আদালত। এদিকে, ২০১৫ সালের ২৯ জুন শহরের গুলশানপাড়া এলাকায় তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। এই মামলায়ও সাইদুল করিম মিণ্টু ও দলের আরেক নেতা কাজী কামাল বাবু ওরফে গ্যাস বাবুকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর আব্দুর রহিম মোল্লা বলেন, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিণ্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিণ্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
সমীকরণ প্রতিবেদন