চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এই র্যালি ও সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
‘অন্তর্ভুক্তমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সামাজিক প্রতিবন্ধকতা বেশি। সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমাদের মনে রাখা উচিত, মানুষের নাগরিক অধিকার। সহানুভূতির চেয়েও বড় সত্য, রাষ্ট্রীয় ও নাগরিক অধিকার। কোনো বৈষম্য করার সুযোগ নেই। কাজেই মৌলিক অধিকার আদায় করে নেওয়া, অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেনন, সকলকে নিয়ে উন্নতি। সকলকে মনে রাখতে হবে, মনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমাদের মানসিক পরিচর্যা দরকার। দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতা দূর করতে না পারলে উন্নয়নকে অর্থবহ করে তুলতে পারব না। কাউকে পিছনে ফেলে সামনে এগোনো যাবে না।

জীবননগর:
জীবননগরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়লের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়।
কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাসের উদ্যোগে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কারিতাস বাংলাদেশ ঝউউই প্রকল্পের আয়োজনে এই দিবস পালিত হয়। কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ এম তাসফিকুর রহমান।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নই। তারা আমাদের আপনজন। এ সমাজে তাদের সমান অধিকার। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই সাইদুর রহমান, এসডিডি প্রকল্পের কার্পাসডাঙ্গা উন্নয়ন কমিটির সভাপতি সুদিন সরকার, আলাউদ্দীন মাস্টার, আনসার আলী, আহসান, কিতাব। সভা পরিচালনা করেন এসডিডি প্রকল্পের ফিল্ড সুপারভাইজার বাপ্পা মন্ডল। র্যালি ও আলোচনা শেষে প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

মেহেরপুর:
মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা ট্র্যাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলশী কুমার পাল, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল আহমেদ প্রমুখ। এর আগে ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি বের করা হয়।
সমীকরণ প্রতিবেদন