মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, মানুষের সাথে বিভেদে জড়াবেন না। গরিব মেহনতী মানুষের সাথে বিএনপির কোনো শত্রুতা নেই। তবে আমার নেতা-কর্মীদের ওপর যারা গত ১৬ বছর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চিহ্নিত কিছু আওয়ামী লীগ নেতা আমার নেতা-কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে, লুটপাট করেছে।
গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ রাব্বি প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন