মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবার নতুন রূপে খেজুর গাছ, গাছিদের ব্যস্ত সময় পার

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
আবার নতুন রূপে খেজুর গাছ, গাছিদের ব্যস্ত সময় পার

আলমডাঙ্গায় শীতের আগমন উপলক্ষে গাছিদের খেজুর গাছ কাটার প্রস্তুতি চলছে। ভোরের সোনালী রোদ ওঠার আগে শীতের মৃদু অনুভূতি দেখা গেলেও দিনের বেলায় সূর্যের তাপে বেশ গরম অনুভূত হচ্ছে। এই আবহাওয়া জানাচ্ছে কার্তিক মাসের আগমনের কথা। নবান্ন উৎসবের প্রস্তুতির পাশাপাশি গুড় তৈরিতে রস সংগ্রহে গাছিরা খেজুর গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

খেজুর অত্যন্ত সুস্বাদু এবং পরিচিত ফল, যা ফ্রুকটোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় এবং শক্তির একটি ভালো উৎস। ভিটামিন বি সমৃদ্ধ হওয়ায় এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। খেজুরের রসে পুষ্টি উপাদান প্রচুর, যা দুর্বলতা দূর করতে সাহায্য করে। ফলে আমাদের দেশে খেজুর রস ও রস থেকে তৈরি গুড়ের চাহিদা আকাশচুম্বি।

গাছিরা জানান, আশ্বিন মাসের তৃতীয় সপ্তাহ থেকে বৈশাখ মাসের প্রথম সপ্তাহ (অক্টোবর থেকে এপ্রিল) পর্যন্ত রস সংগ্রহ করা হয়। ঠান্ডা আবহাওয়া ও কুয়াশাচ্ছন্ন সকালে রসের পরিমাণ বাড়ে। পৌষ-মাঘ মাসে (ডিসেম্বর থেকে জানুয়ারি) সবচেয়ে বেশি রস পাওয়া যায়। গাছ পরিচর্যার সময় গাছের মাথার সাদা অংশ পরিষ্কার করা হয়, এবং সেখানে হাড়ি ঝুলিয়ে রস সংগ্রহ করা হয়। গাছিদের সাথে কথা বলে জানা গেছে, কার্তিক ও অগ্রহায়ণ মাসে খেজুরের গাছ তোলা হয়। গাছের উপরিভাগ চেঁছে শুকানোর পর রস সংগ্রহ করা হয়।

তবে, খেজুর গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় গাছিরা হতাশা প্রকাশ করেন। আব্দুল মান্নান বলেন, ‘আমাদের অঞ্চলে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমছে। শীত মৌসুমে এর চাহিদা থাকলেও অধিকাংশ মানুষ অর্থনৈতিক লাভের জন্য অন্যান্য ফলজ ও বনজ গাছ লাগাতে উৎসাহ হারাচ্ছে। যদি এই অবস্থা পরিবর্তন না হয়, তাহলে অল্প কয়েক বছরের মধ্যে আমাদের খেজুরের রসের ঐতিহ্য ও উৎপাদন চিরতরে হারিয়ে যাবে। খেজুর গাছ বিলুপ্ত হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে।’

অপর একজন গাছী সালাম আলী। তিনি বলেন, ‘প্রতিনিয়ত খেজুর গাছ কাটা পড়ছে। কিন্তু নতুন করে খেজুর গাছ লাগানোর উদ্যোগ নেয় না কেউ। সরকারি-বেসরকারি উদ্যোগে রাস্তার দুপাশে, নদী বা ক্যানেল ধারে, পতিত জমিতে খেজুর গাছ ব্যাপকভাবে রোপণের উদ্যোগ নিতে হবে। তাহলে খেজুরের রসের ঐতিহ্য রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে এবং পুষ্টির চাহিদাও মেটানো সম্ভব হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী