মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধক টিকা নিয়ে একই মাদ্রাসার ৪০ শিক্ষার্থী অসুস্থ

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
ঝিনাইদহে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধক টিকা নিয়ে একই মাদ্রাসার ৪০ শিক্ষার্থী অসুস্থ

ঝিনাইদহের কালীগঞ্জে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধক টিকা হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) নেওয়ার পর মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার দুপুরে টিকা নেয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচুর গরম ও শিক্ষার্থীরা সকালে না খেয়ে টিকা নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। তবে সকলেই আশঙ্কামুক্ত।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হচ্ছে। গত সোমবার সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদেরও এই টিকা প্রদান করা হয়। টিকা দেওয়ার এক ঘণ্টা পর থেকে শিক্ষার্থীদের মাথাব্যথা ও বমি শুরু হয়। একে একে ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যেখানে ২৪ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। বাকি ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা হলো- লামিয়া, সুর্বনা, রিমি, রুমি, মিম খাতুন, যুথী খাতুন, মুন্নি খাতুন, তারিন সুলতানা, ফারিয়া খাতুন, শিমু খাতুন, তুলি, সোনালি, সীমা ও জিনিয়া। তারা সকাল সাড়ে ১০টায় টিকা নেন। টিকা নেওয়ার প্রায় এক ঘণ্টা পর তাদের মাথাব্যথা শুরু হয় এবং অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সুস্থ রয়েছেন।

মাদ্রাসার সুপার মাওলানা মো. ইউনুচ আলী জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে হাসপাতালের টিকা প্রদানকারী কর্মীরা তার মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা প্রদান শুরু করেন। শিক্ষার্থীরা টিকা নেওয়ার এক ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থীর মাথাব্যথা ও বমি হতে থাকে। একে একে প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয় এবং তাদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, নারীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে সরকার ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার কার্যক্রম চালাচ্ছে। এর আওতায় সোমবার কালীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হয়। তবে পুকুরিয়ার মনোহরপুর দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পর্যায়ক্রমে ৪০ জন শিক্ষার্থীকে হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তারা সুস্থ। তিনি আরও জানান, প্রচুর গরম ও অধিকাংশ শিক্ষার্থী সকালে না খেয়ে টিকা নেওয়ার কারণে তাদের মাথাব্যথা ও বমি হয়ে অসুস্থ হয়। সকলকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী