মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন চুয়াডাঙ্গা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। এক দফা দাবিতে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ কর্মবিরতি পালন করেন। এসময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের এক দফা দাবি জানান। এর আগে সকালে চুয়াডাঙ্গা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পক্ষে জেলা সিভিল সার্জন বরাবর দাবির বিষয়ে স্মারকলিপি পেশ করা হয়।

চুয়াডাঙ্গা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক রেহেনা পারভীন বলেন, ‘নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারর প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের জন্য আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছি। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে একবার মাননীয় প্রধান উপদেষ্টা ও দুবার স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু আমরা আশানুরূপ কোনো বক্তব্য শুনতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের এক দফা এক দাবি পূরণের লক্ষ্যে সরকারকে তিন কর্মদিবসের সময় দেওয়া হয়েছিল। সরকার উল্লেখিত সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবির পক্ষে কোনো ধরনের ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ দুই দিনের কর্মবিরতির সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার ও বুধবার দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্রতীকী কর্মবিরতি চলবে।’

রেহেনা পারভীন আরও বলেন, ‘আমাদের দাবি মানা না হলে, কেন্দ্রীয় নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদ থেকে পরবর্তী যে সিদ্ধান্ত নেয়া হবে, আমরা তা পালন করব।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফেরদৌস আরা রোকেয়া, নাজনীন খাতুন, সিনিয়র স্টাফ নার্স শিউলী পারভীন, ফরিদা খাতুন, রহিমা খাতুন, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর তহমিনা খাতুন, পারুলা মণ্ডল, উম্মে সালমাসহ নার্সিং শিক্ষার্থীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী