সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১লা অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ১ মিনিট নীরবতা পালন করেন।
পরে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এ কে এম আলী আকতারের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ এবং প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন, অনেক সন্তান আছে, যারা বাবা-মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা-মায়ের সঠিক যত্ন নেন না। এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংস্থা আত্মবিশ্বাস, জনকল্যাণ, সৃষ্টি, সূবর্ণ, এদেশ, কম্প্যাক্ট, সাথী, রিসো, ইম্প্যাক্ট পল্লী উন্নয়ন সংস্থা (পাস), পল্লী মঙ্গল, অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এদিকে, ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, মেহেরপুর সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সমাজসেবা অফিসার (রেজি) কাজী আব্দুল মনসুর, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন