আলমডাঙ্গায় মায়ের কোল থেকে পড়ে শাহীন নামের এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা ভাংবাড়ীয়া পরামানিক পাড়ায় এই ঘটনা ঘটে। শাহীন ভাংবাড়ীয়া গ্রামের মানিক মিয়া ও তামান্না খাতুনের ছেলে।শাহিনের নানা রফিকুল সময়ের সমীকরণকে জানান, রোববার বিকেল পাঁচটার দিকে আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দে মায়ের কোল থেকে ছিটকে ইটের ওপর পড়লে শিশুটির মাথায় জখম হয়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শিশুটির মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। একমাত্র শিশুর মৃত্যুতে তার বাবা-মা বারবার মুর্ছা যাচ্ছিলেন। ওইদিন বাদ এশা জানাজা শেষে ভাংবাড়ীয়া কবরস্থানে শাহিনের দাফন সম্পন্ন হয়।
সমীকরণ প্রতিবেদন