চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের আস্থার জায়গা, প্রত্যাশার জায়গা আমাদের বুঝতে হবে। তারা কী চাই। আমাদের কাছে মানুষের বেশি কিছু প্রত্যাশা নেই। আপনার কাছে প্রত্যাশা আপনার দায়িত্বের মধ্যেই থাকবে। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সঠিক সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমি প্রকৌশল পড়েছি। সেহেতু প্রকৌশল সংক্রান্ত দপ্তরগুলোর কাছে আমার একটু বেশিই দাবি থাকবে। দপ্তরগুলোর প্রধান কার্যালয়ে আমার অনেক বন্ধুজন আছেন। তাদের কাছেও আমার বলার সুযোগ থাকবে। আমরা সকলে মিলে চেষ্টা করব, সঠিক সেবা দেওয়ার। উন্নয়নমূলক কাজগুলো আমরা ভালো করার চেষ্টা করব। রেলওয়ে ওভারপাসের বিষয়ে আমি কথা বলব। ঠিকাদারী প্রতিষ্ঠানেও আমার পরিচিতজন আছেন। আমরা পরষ্পর যোগাযোগ করে কাজের গতি কীভাবে বাড়ানো যায়, আমরা সেটা চেষ্টা করব।
জেলা প্রশাসক আরও বলেন, পরিবেশ দপ্তর থেকে আমরা একটি চিঠি পেয়েছি। প্লাস্টিক ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। আপনাদের সাথে আরও আলাপ করব। কোনো দপ্তরের সহযোগিতার প্রয়োজন আছে কি না, বা কোনো গ্যাপ আছে কি না, সেটাও আমরা দেখব।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, দামড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল, ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক 40 ও ডেইলি মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার চিফ রিপোর্টার আহসান আলম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন