মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই সাবেক এমপি, পুলিশ সুপারসহ আসামি ১৯ জন

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৪ ইং
দুই সাবেক এমপি, পুলিশ সুপারসহ আসামি ১৯ জন


ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের জামায়াত নেতা এনামুল হক বিচার বহির্ভূতভাবে হত্যাকা-ের শিকার হন। ২০১৪ সালের ২৬ জানুয়ারি উপজেলা শহরের নওদাপাড়া গ্রাম থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়। ঘটনার দীর্ঘ ১০ বছর পর গতকাল রোববার দুপুরে কোটচাঁদপুর আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই বিএম তারিকুজ্জামান। মামলায় ঝিনাইদহের চাকরিচ্যুত সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন আদালতে ৫টি হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলায় ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক দুই সংসদ সদস্য নবী নেওয়াজ ও শফিকুল আজম খান চঞ্চলসহ ১৪ জন নেতা-কর্মী এবং কোটচাঁদপুরের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ আলী ও কনস্টেবল সমির কুমারসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, তার ভাই কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এনামুল হককে ২০১৪ সালের ২৫ জানুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের মধ্যে থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এসময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন।
অপহরণের এক দিন পর ২৬ জানুয়ারি কোটচাঁদপুর শহরের নওদাপাড়া গ্রামে এনামুল হকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ওই সময় পুলিশ দাবি করে যৌথ বাহিনীর অভিযানে এনামুল নিহত হন। বাদীর অভিযোগটি গ্রহণ করে বিজ্ঞ আদালত কোটচাঁদপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট রুস্তম আলী আদালতে বাদীর পক্ষে অভিযোগটি দায়ের করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন গতকাল রোববার বিকেলে জানান, আদালতের আদেশ এখনো থানায় পৌঁছায়নি। হাতে পেলে নির্দেশনা মোতাবেক মামলা রেকর্ড করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী