চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। গতকাল রোববার কোনো ধরনের বিশৃঙ্খলা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি। তবে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় মোট ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে। প্রশ্ন ফাঁস রোধ ও পরীক্ষা নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে ছিল বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্য মতে, প্রথম দিনের পরীক্ষায় জেলার মোট ৭ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ২৯৭ জন অংশ নিয়েছে। বাকি ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এইচএসসি (সাধারণ) ৬ হাজার ৩১৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ২১২ জন। অনুপস্থিত ছিল ১০৪ জন। এইচএসসি (ভোকেশনাল) মোট ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮০ জন। অনুপস্থিত ছিল ১ জন। এইচএসসি (বিএম/বিএমটি) মোট পরীক্ষার্থী ৭৫৩ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৭৪০ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৩ জন। আলিম মোট পরীক্ষার্থী ছিল ২৭১ জন। উপস্থিত ছিল ২৬৫ জন। অনুপস্থিত ছিল ৬ জন। কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়নি।
এদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অনিয়ম এড়াতে এবং প্রশ্নফাঁস রোধে সার্বক্ষণিক চারটি ভিজিলেন্স টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট ও পুলিশ সদস্যরা মাঠে ছিলেন।
সমীকরণ প্রতিবেদন