দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। গতকাল রোববার শেষ নির্বাচনী প্রচারণায় ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুর রহমানের পক্ষে আলমডাঙ্গা উপজেলার জেহালা, জামজামি, বারাদী, কালিদাসপুর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা।
ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য প্রদানকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘আপনারা যদি ব্যক্তি দিলীপকে ভালোবাসেন এবং স্মার্ট আলমডাঙ্গা চান, তাহলে জিল্লুকে ভোট দেন। কারণ জিল্লুকে ভোট দেওয়া মানেই আমাকে ভোট দেওয়া হবে। আর জিল্লু একজন পরিচ্ছন্ন মানুষ, রাজনীতির একজন পরিক্ষিত সৈনিক। তাই আপনারা ঘোড়া প্রতীককে আমার প্রতীক ভেবে ভোট দেবেন। কারণ আধুনিক, সমৃদ্ধ ও পরিকল্পিত উপজেলা গড়তে আমি তাকে সহায়তা করব। আর আমি কথা দিচ্ছি, জিল্লু নির্বাচিত হলে এই আলমডাঙ্গা হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন উপজেলা।’
তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠছে। তারই ধারাবাহিকতায় আমি স্মার্ট জেলা হিসেবে চুয়াডাঙ্গাকে গড়ার কাজ দীর্ঘদিন ধরে করছি। তাই আপনারাও যদি স্মার্ট আলমডাঙ্গা গড়তে চান এবং দুর্নীতিমুক্ত উপজেলা চান, তাহলে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জিল্লুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করুন।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মাসুদ, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন, পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক তবা, হাসিবুল মেম্বর, আব্দুল মজিদ মেম্বর, জনি মেম্বর, ইলা মেম্বর, রিপন শাহ, কামাল হোসেন, পবিত্র কুমার আগরওয়ালা, মাহবুবুর রহমান, আলমগীর কবির শিপলু, মিশর আলী, ছাত্রলীগ নেতা জাবিদ, সোহেল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন