পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস। সে হিসেবে গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশব্যাপী দিবসটি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মা ছোট্ট একটি শব্দ, কিন্তু পৃথিবীর সবথেকে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মাানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পৃথিবীব্যাপী বিশ্ব মা দিবস পালন করা হয়। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ স্লোগানে গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। মা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। উপজেলা সহকারী মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ইন্সপেক্টর জামাল হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, নারী উদ্যোক্তা তামান্না ও হেলেন আক্তার কামনা। সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও স্নিগ্ধা দাস শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জীবনের প্রত্যেকটি কাজকে অর্থের মাপকাঠিতে না মেপে শিল্প হিসেবে নিতে হবে এবং বাস্তব জীবনে মাকে ভালোবাসতে হবে। কেননা আমাদের প্রতিটি কাজে মায়ের ভূমিকা অনন্য। আলোচনা শেষে প্রিয় মাকে নিয়ে ছড়া, কবিতা, গল্প ও গান পরিবেশন করা হয়।

মেহেরপুর:
মেহেরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাঁফিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজীব হাসান ও জেলা সমাজসেবা উপ-পরিচালক কাজী কাদের মোহম্মদ ফজলে রাব্বি। সভায় জেলার বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জেলা কিশোর-কিশোরী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ। ঝিনাইদহ মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দ:) মুন্সী ফিরোজা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমানসহ নারী সংবাদকর্মী, বিভিন্ন এনজিও পরিচালক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম।
সমীকরণ প্রতিবেদন