চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই দুই উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। প্রার্থিতা যাচাই-বাছাই করেন চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার এবং চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। এসময় জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কেল রহমান ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দুটি উপজেলায় চেয়ারম্যানের চেয়ারে বসতে ৯ জন, উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বৈধ হলেন যারা-
চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পরপর তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম), সাবেক ভাইস চেয়ারম্যান মো. মামুন-অর-রশীদ, মো. মিরাজুল ইসলাম (কাবা), মো. শামীম হোসেন মিজি ও মো. হাফিজুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী মিলি, নুরুন্নাহার কাকলী ও মাসুমা খাতুন।
আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন, কে এম মঞ্জিলুর রহমান, মো. জিল্লুর রহমান, মো. মোমিন চৌধুরী (ডাবু) ও মো. নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদের জন্য মো. মামুনার রহমান, আহমেদ হাবিব খান, মো. আজিজুল হক, মো. মকলেছুর রহমান, মো. সোহেল রানা (শাহীন), মো. মাসুম বিল্লাহ, মো. আজিজুল হক ও মো. মিজানুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. কাজল রেখা, মনিরা খাতুন ও মারজাহান নিতু।
সমীকরণ প্রতিবেদন