চুয়াডাঙ্গায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রয়াত্ব ও বেসরকারি ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় জেলার বিভিন্ন ব্যাংকের ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার উপস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকের প্রতিনিধিদের সাথে আলোচনাকালে তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা কিংবা নিরাপত্তা বিষয়ক সংকট বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কি না, থাকলে তা কী ধরনের- এ সম্পর্কে বিস্তারিত আলাপ-আলোচনা করেন। পাশাপাশি তিনি সকল ব্যাংকের নিরাপত্তায় শতভাগ সিসিটিভি ফুটেজের আওতায় আনার তাগিদ প্রদান করেন। তিনি উপস্থিত সকল প্রতিনিধিবর্গের উদ্দেশ্যে ব্যাংকগুলোর আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং এর ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশাবলী প্রদান করেন।
এছাড়াও তিনি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলার আওতাধীন সকল আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত থেকে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ ব্যাংকগুলো নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সমীকরণ প্রতিবেদন