চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য গাঁজা চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষে তিন যুবক জখম হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত তিন যুবক হলেন- সাতগাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম (২৫) ও নয়ন (২৩) এবং একই এলাকার মনিরের ছেলে বিপ্লব হোসেন (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতগাড়ি এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়ির পাশের ভুট্টা খেতে গাঁজা লুকিয়ে রাখা ছিল। সেখান থেকে গাঁজা চুরি হয়ে যায়। এদিকে, বিষয়টি জানাজানি হলে নাঈমকে সন্দেহ করেন বিপ্লব। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ভর্তি রাখা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইন্দ্রজিত রায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাদককে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সমীকরণ প্রতিবেদন