কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন দীপক কুমার ঠাকুর (৩৫) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা আইসিপি সীমান্তের ৭৬ নম্বর মেইর পিলার সংলগ্ন স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই নাগরিককে হস্তান্তর করা হয়।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন বিভাগের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশনগর উপজেলার মনিহারপুর গ্রামের শ্রীরাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুর অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটকের পর তার বিরুদ্ধে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পিরোজপুর থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। পিরোজপুর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৩ সালের ১৮ অক্টোবর পিরোজপুর জেলা কারাগার হতে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরপর চার বছর ছয় মাস ১৯ দিন পর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে তার বাবা শ্রীরাম নরেশ ঠাকুর ও তার মেয়ের স্বামী গৌরব কুমারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, হস্তান্তরের সময় ভারতের গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিতাসি এইচ মাখেন এবং বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট ভি নাগ রঞ্জন, কৃষ্ণগঞ্জ থানার এএসআই তন্ময় দাস, ডিআইবি সাধন কুমার মন্ডল ও কৌশিক বিশ্বাস, কাস্টমস সুপার রামওতার পি যাদব, গেদে ইমিগ্রেশন কর্মকর্তা জিসি দে ও রেডক্রসের প্রতিনিধি চিত্ত রঞ্জন দাস উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের ইনচার্জ সুবেদার এনামুল কবির, কাস্টমস সুপার জাহিদ হাসান, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান আতিা, দর্শনা থানার এসআই ফাহিম হাসান, ইমিগ্রেশনের এএসআই আব্দুল মমিন, ডিএসবি এএসআই মাসুদ, এএসআই রেজোয়ান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসআই আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী মনিরুজ্জামান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন