ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত তরিকুল ইসলাম ওরফে এমপি শৈলকুপার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে। গ্রামের মানুষের কাছে তিনি এমপি নামেই বেশি পরিচিত।
ধর্ষণ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ করে পার্শ্ববর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার। নির্যাতিতা পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল বুধবার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি তরিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সমীকরণ প্রতিবেদন