বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মধ্যে মাদকদ্রব্য উদ্ধারে ‘গ’ শ্রেণিতে সারা দেশে তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক ও চোরাচালান উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন। মাদকদ্রব্য উদ্ধারে ‘গ’ শ্রেণিতে সারা দেশে তৃতীয় হওয়ায় গতকাল আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিকট থেকে ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। গতকাল রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।
পুরস্কার পাওয়ায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, এ অর্জন চুয়াডাঙ্গার পাঁচটি থানা, ডিবি, ডিএসবিসহ জেলা পুলিশে কর্মরত সকল সদস্যের। আগামী দিনগুলোতে অর্জনের এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চুয়াডাঙ্গা পুলিশ অধিকতর কর্মতৎপরতার মাধ্যমে প্রথম স্থান অর্জনে সচেষ্ট থাকবে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাজা, পরোয়ানা ও তামিলের হার বাড়াতে হবে।
সমীকরণ প্রতিবেদন