নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য ছিল ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার পৃথক পৃথক আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষে হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার। পরে জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সঠিক তথ্য দিয়ে আমরা ভোটার হবো। এ বিষয়েও আমাদের সচেতন হবে। ভোটাধিকার সম্পর্কেও জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন সকল ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন। ভোটার কিন্তু আলাদা গুরুত্ব বহন করে। তিনি আরও বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে ভোটার হওয়া এবং ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। এছাড়া এখন প্রায় প্রতিটি দাপ্তরিক কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন পড়ে। নির্বাচন কমিশন এখন বিশ্বমানের স্মার্টকার্ড দিচ্ছে, যা দেশের নাগরিকদের অনেক গুরুত্বপূর্ণ কাজে আসছে। খেয়াল রাখতে হবে চুয়াডাঙ্গা সীমান্তবর্তী জেলা, তাই যেন বাইরের কেউ ভোটার তালিকায় নাম লিখিয়ে না ফেলে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম ইস্রাফিল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ভোটার সেবা কার্যক্রমের অংশ হিসেবে একজন নতুন ভোটারের হাতে ন্যাশনাল আইডি কার্ড তুলে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়ের সঞ্চালনায় এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় অংশ নেয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। শামিম রেজার উপস্থাপনায় সভায় স্বগত বক্তব্য দেন নির্বাচন অফিসার মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি চেয়ারম্যান এসএম বিপ্লব মাস্টারসহ ২৫ জন নতুন ভোটার। আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্য ২ লক্ষ ৯৫ হাজার ৪৮৫ জন। ভোটার দিবসে দুপুর ১২টায় ৩০ জন নতুন ভোটার নিবন্ধন করা হয়।

মেহেরপুর:
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ, সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন চক্রবর্তিসহ নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা মানবাধিকার সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু, সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, সঠিক তথ্যে দিয়ে সকল নাগরিকের সময় মতো ভোটার হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবার আহ্বান জানান।

হরিণাকুণ্ডু:
নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করেছে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচন অফিস। গতকাল সকাল দশটায় উপজেলা নির্বাচন অফিস থেকে একটি শোভাযাত্রাটি বের হয়ে একতারা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাচন অসিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন হরিনাকুণ্ডু পৌর মেয়র ফারুক হোসেন, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়াউর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার পলাশ দাশ।
সমীকরণ প্রতিবেদন