প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়নের কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়। তিতুদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
প্রধান অতিথি বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে বাল্যবিবাহ ও মাদক। বল্যবিবাহের জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা ঝড়ে যাচ্ছে। যা দেশ ও জাতির জন্য মহা ক্ষতি। এছাড়া যুবকেরা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের জীবনে বয়ে আনছে অন্ধকার। এসময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সব সময় চোখে চোখে রাখবেন। তারা কোথায় যায়, কার সাথে মিশছে খেয়াল রাখবেন। অসৎ সঙ্গ থেকে সব বাচ্চাদের দুরে রাখবেন। আর আপনার সন্তান যেন অন্য মানুষের সমস্যার কারণ না হয়, এটা ভালো করে লক্ষ্য রাখবেন।’ সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষ জেলা প্রশাসক মতবিনিময় সভায় অংশ নেন।

তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার উপস্থাপনায় সচেনতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জহুরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাত হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিরব হোসেন, তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব মহাসিন আলী, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী।
সমীকরণ প্রতিবেদন