ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও পূজা উদ্যাপন পরিষদের সদস্য বরুণ কুমার ঘোষ (৪২) নামে এক আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হামদহ ঘোষপাড়া মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বরুণ ঘোষ শহরের হামদহ ঘোষপাড়ার নরেন চন্দ্র ঘোষের ছেলে।
ঝিনাইদহ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ জানান, সন্ধ্যার দিকে ঘোষপাড়া মোড়ের এক চায়ের দোকানে যান বরুণ ঘোষ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের হামলায় বরুণ ঘোষের একটি পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিনয় কৃষ্ণ অভিযোগ করে আরও বলেন, নৌকার পক্ষে ভোট করায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ ঈগলের সমর্থকরা কুপিয়ে তাঁর পা বিচ্ছিন্ন করে দেয় বলে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত’র চিহ্ন রয়েছে। এছাড়াও একটি পা বিচ্ছিন্ন হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, হামদহ এলাকায় বরুণ নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
এদিকে, বরুণ কুমার ঘোষ হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। বিবৃতিতে তিনি বলেন, নিজ বাড়ির পাশে দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে বরুণ কুমারকে হত্যা করেছে। যেটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। এ ঘটনায় আমি ও আমার পরিবারবর্গ গভীরভাবে শোকাহত। আমি এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সাথে এই জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে বরুণের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগীতার নিশ্চয়তা দিচ্ছি।
সমীকরণ প্রতিবেদন