জীবননগর অফিস/ সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সড়কে মধ্যরাতে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি ইজিবাইক থামিয়ে চালক ও যাত্রীদের বেধে রেখে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
গত রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দরপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন ভুক্তভোগী ইজিবাইক চালক পুরন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।
ইজিবাইক চালক কাজল হোসেন জানান, ‘রোববার রাতে আমার বোনের সিজার করার জন্য তাকে নিয়ে জীবননগরে একটি ক্লিনিকে নিয়ে আসি। সিজার শেষে আমিসহ দুই-তিনজন বাড়ি ফিরছিলাম। পথের মধ্যে মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা মাঠ নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর কলাগাছ পড়ে থাকতে দেখতে পাই। এসময় গাড়ি থামালে সড়কের পাশ থেকে মুখোশধারী ৭-৮ জন লোক এসে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে নেয়। এবং পাশের একটি বাগানের মধ্যে নিয়ে গাছের সাথে হাত-পা বেধে রাখে।’
তিনি আরও জানান, ‘তারা দেশীয় অস্ত্র বড় দা আমাদের গলায় ধরে আমার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, আমার চাচীর স্বর্ণের চেইন, কানের দুল ও মোবাইল নিয়ে নেয়। যাওয়ার সময় আমার ইজিবাইকটি নিয়ে যায় তারা।’ পুরন্দরপুর গ্রামের অপর ইজিবাইক চালক লিটন জানান, ‘একই জায়গা থেকে এর আগেও চারটি ইজিবাইক-আলমসাধু ছিনতাই হয়েছে। এখন সন্ধ্যা নামলেই এ সড়ক দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে আমাদের পুলিশ ফোর্স কাজ শুরু করেছে। আশা করছি, খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো।’
সমীকরণ প্রতিবেদন