অস্ত্রপচারের পর জ্ঞান ফিরলেও সাচ্চু ড্রাইভার শঙ্কামুক্ত নন
- আপলোড তারিখঃ
০১-০৩-২০২১
ইং
চুয়ডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে ট্রাকচালককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা
ঘাতক বাকেরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, এক দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক:
চুয়ডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ ট্রাকচালক সাচ্চু শেখের অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর থেকে অচেতন অবস্থায় হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাচ্চুর জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্য রবিউল ইসলাম বাবু। জ্ঞান ফিরলেও সাচ্চুর অবস্থা কতটা শঙ্কামুক্ত ও কতদিন নাগাত সেখানে ভর্তি থাকতে হবে, এ বিষয়ে চিকিৎসক কিছুই জানাননি বলেও জানান তিনি। এদিকে, অভিযুক্ত বাকেরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম জানান, শনিবার ট্রাকচালক সাচ্চুকে গুলিবিদ্ধ করে আহতের ঘটনায় অভিযুক্ত বাকেরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। গতকাল বাকেরকে আদালতে সোপর্দ করা হয় এবং বাকেরের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় আদালত বাকেরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ট্রাক টার্মিনাল এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ট্রাকচালক সাচ্চু শেখকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সাচ্চু ড্রাইভারকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার পরেই অভিযান চালিয়ে নূরনগর এলাকার একটি ভূট্টাখেত থেকে ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ ঘাতক বাকেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
কমেন্ট বক্স