অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধি করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই
- আপলোড তারিখঃ
১৩-০২-২০২১
ইং
জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম অবহিত ও উদ্বুদ্ধকরণ সভায় এমপি টগর
জীবননগর অফিস/প্রতিবেদক, মনোহরপুর:
মুজিব শতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ১শ টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে জীবননগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় জীবননগর উপজেলার মনোহরপুর শিমুলতলায় অবস্থিত জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, দেশের সকল যুবকদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলে-মেয়েরা নিজেরায় উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। আমরা অনেক সৌভাগ্যবান যে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত ১ শ টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে প্রথম ধাপে জীবননগরসহ ৩৫টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ খুব শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে। গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই একযোগে এই প্রতিষ্ঠানগুলোর শুভ উদ্বোধন করবেন। আপনার সন্তানকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আজই এই প্রতিষ্ঠানে ৬ষ্ঠ অথবা ৯ম শ্রেণিতে ভর্তি করুন। এই এলাকার ছাত্র-ছাত্রীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি আরও বৃদ্ধি করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনা দেশনেত্রীর একটি যুগান্তকারী আলোকবর্তিকা। আর এই কারিগরি শিক্ষার মধ্যদিয়ে ছাত্র-ছাত্রীরা এক দিক থেকে যেমন বাস্তুবিক জ্ঞান লাভ করবে, অন্য দিকে কারিগরি শিক্ষা লাভের মধ্যদিয়ে দেশের জন্য তারা সফল উদ্যোক্তা হিসেবে পরিণত হবে।
বিশেষর অতিথি বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) অজিত কুমার ঘোষ বলেন, ‘বাংলাদেশের প্রতিটি ছাত্র-ছাত্রীর সঠিক-মানসম্মত কারিগরি শিক্ষা ও বাস্তবসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মধ্যদিয়ে একজন শিক্ষার্থী যেমন কারিগরি জ্ঞানের পরিপূর্ণতা লাভ করবে, অপর দিকে আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, বাঁকা ইউপি চেয়ারম্যান কাদের প্রধান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসূল, সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জীবননগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবন ও চারতলা প্রশাসনিক ভবন নির্মাণে কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে দরপত্র মূল্যে ব্যয় হবে ১৭ কোটি ১৯ লাখ ২৯ হাজার ২৪ টাকা। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে এই প্রতিষ্ঠানের ভর্তি ফরম বিতরণ। ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১২০ জন ও ৯ম শ্রেণিতে ৯০ জন ছাত্র-ছাত্রী পাবে ভর্তির সুযোগ।
কমেন্ট বক্স