মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেটে গেছে ভয়, টিকায় উৎসব

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
কেটে গেছে ভয়, টিকায় উৎসব
সারা দেশে তৃতীয় দিনে টিকা নিয়েছেন ১,০১,০৮২ জন সমীকরণ প্রতিবেদন: সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের দুই হাজার চারশো বুথে গণ-টিকাদান কর্মসূচি শুরুর তৃতীয় দিনে ভ্যাকসিন নিয়েছেন এক লাখ এক হাজার ৮২ জন। তারমধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ আর ২৬ হাজার ৪৯৬ জন নারী টিকা নিয়েছেন। এদিনে ঢাকায় টিকা নিয়েছেন ১২,৫১৭ জন। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ৯৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথম দিন টিকা নিয়েছিলেন ৩১,১৬০ জন। দ্বিতীয় দিন নেন ৪৬ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জন। তারমধ্যে নারীরা টিকা গ্রহণে পিছিয়ে। সংখ্যার বিচারে এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন পুরুষ ও ৪৪ হাজার ৫৮৩ জন নারী করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তারমধ্যে ২০৭ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে। এদিকে, গতকাল দিনভর টিকা কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকা নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। টিকা গ্রহণে ব্যাপক সাড়া মিলছে। আগে যাদের মধ্যে কিছুটা ভয়ভীতি ছিল তারাও এখন আগ্রহী হয়ে নিবন্ধন করে টিকা নিচ্ছেন। বয়সসীমা নামিয়ে আনাসহ সরকারের বেশ কিছু পদক্ষেপে সহজ হয়েছে টিকা গ্রহণ পদ্ধতি। এ জন্য কেন্দ্রগুলোতে বাড়ছে টিকাগ্রহীতার ভিড়। জীবননগর: করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে দেশব্যাপী শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচি। এ ধারাবাহিকতায় তৃতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা দুইটা পর্যন্ত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান করা হয়। স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ উপজেলায় তৃতীয় দিনে ১৩০ জন টিকা গ্রহণ করেছেন। এ নিয়ে জীবননগর উপজেলায় ২০০ জন টিকা গ্রহণ করেছেন। এদিকে টিকা নেওয়ার পর প্রত্যেক টিকা গ্রহীতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, দুই দিন আগে যাদের টিকা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আশা করি কোনো সমস্যা হবে না। তা ছাড়া প্রতিদিন বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। গাংনী: কোভিড-১৯ টিকা নিয়েছেন মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ গাংনী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণ করে আনন্দিত উল্লেখ করে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ ও ইতিবাচক। কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করছি। কোনো প্রকার গুজবে কান না দিয়ে টিকা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এদিকে, গতকাল মঙ্গলবার পর্যন্ত গাংনী হাসপাতালে টিকা গ্রহণ করেছেন সর্বমোট ২০০ জন। অপর দিকে, টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৬ শ জন। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম বলেন, প্রথম পর্যায়ে গাংনী হাসপাতাল পেয়েছে ৫৪৮ ভাওয়েল। এতে টিকা দেওয়া যাবে ৫ হাজার ৪৮০ জনকে। এর মধ্যে অর্ধেক প্রথম এবং বাকি অর্ধেক দ্বিতীয় ডোজে প্রয়োগ করা হবে। দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী