মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর

  • আপলোড তারিখঃ ১০-০২-২০২১ ইং
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর
আলমডাঙ্গা পৌর নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় ডিসি নজরুল ইসলাম আলমডাঙ্গা অফিস: আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও আচরণবিধিমালা-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। যদি কেউ হুমকি-ধামকি দেয়, তাহলে আমাদের জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মনে রাখবেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স থাকবে, ৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট যাবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর। যারা মনে করছেন, ইভিএম পদ্ধতি সঠিক নয়। তাঁদের উদ্দেশ্যে বলি, ইভিএম পদ্ধতি একটি সুন্দর পদ্ধতি। প্রত্যেকে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সহায়তা করবেন, আপনাদের মাধ্যমে সকলে সতর্ক হতে পারবে। নির্বাচনে কেউ গুজব ছড়াবেন না। গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রশাসনের সকল স্তরের লোক সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করব।’ সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট গ্রহণের আগের দিন থেকে নির্বাচনী এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনের দিন সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স থাকবে। নির্বাচন নিয়ে কোনো প্রকার সহিংসতার আশঙ্কা নেই। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনে প্রিজাইডিং অফিসার তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর হোসেন ও এনএসআইয়ের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক জিএম জামিল সিদ্দিক। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান কাদির গনু, বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী