সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২১
ইং
আসন্ন জীবননগর পৌর নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত
জীবননগর অফিস:
আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।
প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া আফরিন বলেন, ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভয়ের কিছুই নেই। আপনাদের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী আপনার পাশেই থাকবে। নির্বাচনকে ঘিরে কেউ যদি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, পৌর নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়, সে বিষয়ে যা যা করা প্রয়োজন, প্রশাসনিকভাবে সব ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, সাধারণ ভোটাররা যাতে করে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক কথায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করার, তাই করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
আলোচনা সভায় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে প্রার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাজাহান কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী খোকন, কাউন্সিলর প্রার্থী ইয়াদুল ইসলাম, আক্তারুল ইসলাম, ঠাণ্ডু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার কামরুল হাসান।
কমেন্ট বক্স