মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেপরোয়া ট্রাকের ধাক্কায় তৌফিকের চিরবিদায়

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২১ ইং
বেপরোয়া ট্রাকের ধাক্কায় তৌফিকের চিরবিদায়
বাবা-মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফেরা হলো না কর্মস্থলে সমীকরণ প্রতিবেদক: মোটরসাইকেলে করে ঢাকায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল তৌফিক আহমেদ শুভ (২৬) নামের এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের বোয়ালিয়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। গতকাল রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক আহমেদ শুভ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের প্রভাষক মাহতাব উদ্দিনের একমাত্র ছেলে এবং জীবননগরের সাংবাদিক সালাউদ্দীন কাজলের ভাগ্নে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পারিবারিক সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ কামিল মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাহতাব উদ্দিনের একমাত্র ছেলে তৌফিক আহমেদ শুভ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ঢাকার গুলশানে অবস্থিত সাইন্সবুরি আরগো এশিয়া নামের বিদেশি একটি গার্মেন্টেসে তিনি সহকারী মার্চেন্ডাইজিং পদে কর্মরত। ৮ মাস পূর্বে তিনি পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে বিয়ে করেন। তৌফিক ঢাকাসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে যাতায়াত করতে পছন্দ করতেন। গতকাল সকালে স্ত্রী ও ভাগ্নিকে ঢাকার গাড়িতে তুলে দিয়ে তিনি নিজের সুজুকি জিক্সার মোরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়া নামক স্থানে পৌঁছালে আকস্মিকভাবে তাঁর সামনে একটি ভ্যান চলে আসে। তিনি ভ্যানটিকে অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় সামনের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক তাঁকে পিষ্ট করে। ফরিদপুরের মধুখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার বলেন, দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে একটি অজ্ঞাত ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে গেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে তিনি মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ওই যুবকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। পরে পরিবারের সদস্যদের নিকট তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। নিহত তৌফিকের মামা সাংবাদিক সালাউদ্দিন কাজল বলেন, ‘আমার ছোট বোনের ছেলে তৌফিক আহমেদ শুভ রোববার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। দুপুরের দিকে আমরা খোঁজ পাই সে দুর্ঘটনা কবলিত হয়েছে। পরে জানতে পারি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর সে মারা যায়।’ এদিকে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিহত তৌফিকের মরদেহ বাড়িতে পৌঁছলে পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের কান্নায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। রাত ১১টায় সেনেরহুদা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর অকাল মৃত্যুতে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ দৈনিক সময়ের সমীকরণ পরিবার গভীর শোকপ্রকাশ করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী