মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বর্তমান সরকার সব সময়ই কৃষি ও কৃষকের কল্যাণে নিয়োজিত

  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২১ ইং
বর্তমান সরকার সব সময়ই কৃষি ও কৃষকের কল্যাণে নিয়োজিত
আলমডাঙ্গায় পাউয়ির খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে যুগ্ম সচিব মো. আরিফ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় পাউয়ির খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার রেল জগন্নাথপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের কৃতী সন্তান ও ঢাকা বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের সদস্য পরিচালক যুগ্ম সচিব মো. আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার সবসময়ই কৃষি ও কৃষকের কল্যাণে নিয়োজিত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু কৃষিবিপ্লবের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু সেচের সম্প্রসারণ ও উন্নয়নে নিয়েছিলেন যুগান্তকারী পদক্ষেপ। ভূগর্ভ থেকে পানির চাপ কমিয়ে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে সেচ সুবিধা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার সারা দেশে খাল খননের কর্মসূচি গ্রহণ করে। এরই অংশ হিসেবে ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ আপনাদের পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের জন্য এই পাউয়ির খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হলো।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সন্তান, আমি জানি বর্ষার সময় জলাবদ্ধতার কারণে আপনাদের পাঁচ গ্রামের মানুষের কত ক্ষতি হয়। এই খালের আওতায় প্রায় ৩০ হাজার হেক্টর জমি আছে। যেখানে বছরে মাত্র একবার ফসল হয়। এই খাল পুনঃখননের পর আপনাদের আর জলাবদ্ধতা নিয়ে চিন্তা করতে হবে না। বর্ষার সময় আর জলাবদ্ধতা হবে না। আমাদের এ অঞ্চলের মাটি বাংলাদেশের অন্য যে কোন অঞ্চলের চেয়ে অনেক ভাল। এ্ই মাটিতে যে ফসল চাষ করা হয়, সেই ফসলই হয়। আপনারা শুধু ধান, গম, ভুট্টা, আখ, পাট চাষ নিয়ে পড়ে থাকবেন না। আপনারা উন্নতমানের সবজি চাষ করবেন। এসব সবজি আপনারা অনেক বেশি দামে বিক্রয় করতে পারবেন।’ কুষ্টিয়া বিএডিসির মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, বিএডিসি কুষ্টিয়া জোনের সহকারী প্রকৌশলী এরশাদ আলী, মেহেরপুর জোনের সহকারী প্রকৌশলী শাহাজালাল আবেদীন, চুয়াডাঙ্গা জোনের সহকারী প্রকৌশলী খালেদা ইয়াসমিন ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জুয়েল রানা, জাহিদ হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান রতন, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, আফিল উদ্দিন, আইয়ুব হোসেন, জয়নাল, শ্যামলি খাতুন, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, টুটুল প্রমুখ। উল্লেখ্য, শ্রীরামপুর থেকে মিরপুরের সুতাইল পর্যন্ত পাউয়ির খালটি মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পুনঃখননের কাজ বাস্তবায়ন করবে কুষ্টিয়া বিএডিসি। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ খালটি পুনঃখনন করা হবে। এই খালে পানি ধরে রাখার জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে একটি সুইচ গেট নির্মাণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী