যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
- আপলোড তারিখঃ
০৬-০২-২০২১
ইং
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়র্দ্দান বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয়সহ প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ধরণের অপরাধ প্রবণতা রোধে বই এবং গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশুদের হাতে ডিজিটাল ডিভাইস তুলে না দিয়ে বই তুলে দিন। বিশে^র মধ্যে যে সকল মহাপুরুষ নাম করেছেন, তাঁরা সকলে বই পড়ে জ্ঞান অর্জন করে নিজের মেধা ও মননকে কাজে লাগিয়ে নিজের জীবনকে আলোকিত করেছেন এবং বিশে^র মাঝে নিজেদের নাম উজ্জ্বল করে রেখে গেছেন। শিক্ষার্থীদের নিজ পাঠপুস্তকের পাশাপাশি অন্যান্য বইও পড়ার প্রতি উৎসাহ প্রদানসহ লাইব্রেরিমুখী করার জন্য শিক্ষক এবং অভিবাবকদের প্রতি আহ্বান জানান এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান ও জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জুলফিকার মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, ফিরোজ হোসেন, সুরাইয়া মমতাজ প্রমুখ।
অনুষ্ঠানে গ্রন্থাগার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ১ম ইনজাম সাদিত খান, ২য় সানজিদা জামান স্পর্শ, যৌথভাবে ৩য় সাদমান রিদম ও নোশিন নাওয়াল রেবতি, ‘খ’ গ্রুপে ১ম শান্তুনু ইসলাম অন্তু, ২য় মুবতাসিম জামান, ৩য় রোজা মাহাদিন। রচনা প্রতিযোগীতায় ‘ক’ ১ম শর্মিলা জাহান, ২য় অধরা তাসনিম, যৌথভাবে ৩য় একরামুন নেছা এলিজা ও তাসনিম সাওদা। ‘খ’ গ্রুপে ১ম মাহজাবিন ইসলাম, ২য় নুসরাত জাহান, যৌথভাবে ৩য় যারিন তাসনিম ও নাহিদা ফেরদৌস, ‘গ’ গ্রুপে ১ম নাজমিন আক্তার, ২য় ইউনুস আলী, ৩য় শাহরিন মাহাবুবা, ‘ঘ’ গ্রুপে ১ম আফসানা কণা, ২য় হেলেনা নাসরিন, ৩য় আব্দুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়।
কমেন্ট বক্স