মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘ভাটা বন্ধ হলে জেলার ২৫ হাজার শ্রমিক কর্মসংস্থান হারাবে’

  • আপলোড তারিখঃ ০৫-০২-২০২১ ইং
‘ভাটা বন্ধ হলে জেলার ২৫ হাজার শ্রমিক কর্মসংস্থান হারাবে’
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক-শ্রমিক সমিতির তিন দফা দাবিতে মাববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ১০ সহস্রাধিক শ্রমিকের সড়কে অবস্থান, যান চলাচল বন্ধ, শহরজুড়ে উত্তাল পরিবেশ নিজস্ব প্রতিবেদক: ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯-এর আইন বাতিল এবং জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স পাওয়ার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন চুয়াডাঙ্গার ইটভাটা মালিক-শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। বিক্ষোভে দফায় দফায় পরিবেশ অধিদপ্তরের হয়রানি, মামলা ও ভাটা ভেঙে দেওয়ার প্রতিবাদও জানানো হয়। এদিকে, এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার সবকটি ইটভাটার প্রায় ১০ হাজার শ্রমিকরা অংশ নেওয়ায় চুয়াডাঙ্গা শহরজুড়ে ছিল উত্তাল পরিবেশ। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ইটভাটার শ্রমিকরা শহরের টাউন ফুটবল মাঠে সমাবেত হতে থাকেন। পরে সেখান থেকে ১১টার দিকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল সহকারে শ্রমিকরা শহীদ আবুল কাশেম সড়ক হয়ে হাসান চত্বরে এসে মানববন্ধন শেষ করেন। মানববন্ধনে হাজার হাজার শ্রমিক রাস্তার ওপর বসে পড়লে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও চুয়াডাঙ্গা-যশোর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানকে দেখা যায়। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিক্ষোভ সহকারে ইটভাটার মালিক ও শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যান। এ সময় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল সড়কে যান চলাচল প্রায় স্থির হয়ে পড়ে। এ সময় শহরের বিভিন্ন প্রান্তে ইটভাটার শ্রমিকদের পদচারণা ও ইট বহনকারী ট্রাক্টর ও পাওয়ারট্রিলারের অতিরিক্ত চাপ পরিলক্ষিত হয়। ইটভাটা মালিক ও শ্রমিক নেতারা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। এর আগে বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, ‘সরকারি সকল নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম-নীতি মেনে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমরা ব্যবসা করে আসছি। আমাদের জেলাতে এ ইটভাটা শিল্পে প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। অথচ ২০১৩ সালের বিদ্যমান আইনের ৮(৬) ধারায় পরিবেশ অধিদপ্তর দফায় দফায় ইটভাটায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকা জরিমানা করছে, মামলা করছে। কোনো কোনো সময় বুলড্রোজার দিয়ে ভাটায় রক্ষিত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এতে করে অনেকে বিনিয়োগ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।’ সমিতির নির্বাহী কমিটির সদস্য আরেফিন আলম রঞ্জু বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নিদের্শনা মেনে আমরা ভাটা ১২০ ফুট উচ্চতার চিমনি বাদ দিয়ে জিগজ্যাগ ও হাইব্রিড কিলন প্রযুক্তিতে রূপান্তরিত করেছি। ইতোমধ্যে আমাদের জেলাতে ৮০ শতাংশ ইটভাটা নতুন প্রযুক্তি সম্পন্ন হয়েছে। কিন্তু এরপরও পরিবেশ অধিদপ্তরের ৮(ঙ) ধারায় দফায় দফায় আমাদের হয়রানি করা হচ্ছে, লাখ লাখ টাকা জরিমানা করা হচ্ছে।’ অবিলম্বে তারা ২০১৩ সালের পরিবেশ অধিদপ্তরের ৮(৬) ধারা বাতিলের দাবি জানান। বিদ্যমান ওই আইনে বলা হয়েছে, কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক বা গবেষণা প্রতিষ্ঠানসহ তেমন কোনো প্রতিষ্ঠান থাকলে তার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। মানববন্ধনে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, সহসভাপতি ইকবাল মাহমুদ টিটু, কোষাধ্যক্ষ আবিদ উদ দৌলা কেবল ও নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন খাঁজা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী