দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র খোকন, পৌর আ.লীগের সংবর্ধনা অনুষ্ঠানে ছেলুন জোয়ার্দ্দার এমপি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের আয়োজনে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদেরও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এর আগে পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলামের কাছ থেকে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন দায়িত্বভার গ্রহণ করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘বিগত দিনে চুয়াডাঙ্গা পৌরসভার মানুষ ঠিকমতো তাদের নাগরিক সেবা পায়নি। আপনারা যারা দায়িত্বভার গ্রহণ করেছেন, তাঁদেরকে অনুরোধ করব আপনারা পৌরসভার উত্তম নাগরিক সেবা নিশ্চিত করবেন। এখানে সেবা নিতে আসা কোনো মানুষ যেন বঞ্চিত না হয়।’ নবনির্বাচিত কাউন্সিলরদেরকেও তাঁদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘একজন দক্ষ ও যোগ্য মানুষ মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। এবার চুয়াডাঙ্গা পৌরসভায় আমার করে যাওয়া উন্নয়নগুলো আবার শুরু হবে। এই পৌরসভার মানুষ আবার যোগ্য মেয়ররের নিকট থেকে নাগরিক সেবা পাবে।’
সংবর্ধিত অতিথি হিসেবে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন সকলের নিকট দোয়া চেয়ে বলেন, ‘মাথার ওপরে এই জেলার অভিভাবক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আছেন। আপনাদের সকলের সহযোগিতা পেলে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত আধুনিকমানের পৌরসভায় পরিণত করব।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদেরের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা, অ্যাড. মোল্লা আব্দুর রশীদ, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহম্মেদ চন্দন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকউিটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাবুল হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রতিটা ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মেয়রের কক্ষে নিয়ে চেয়ারে বসিয়ে দেন।