গ্রামবাসীর প্রতিবাদ, কয়েকজন যুবককে মারধর
- আপলোড তারিখঃ
০৪-০২-২০২১
ইং
মেহেরপুরের ফতেপুরে রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭ শ ফিট হেরিংবোন ইটের রাস্তা তৈরিতে নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এই সড়কে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি এর আওতায় ৭শ ফিট হেরিংবোন রাস্তা তৈরি করার টেন্ডার দেওয়া হয়। রনি নামের এক যুবক কাজটির ঠিকাদারী করছেন। গতকাল বুধবার সকালে ঠিকাদারের শ্রমিকরা এক নম্বর ইট দেওয়ার কথা থাকলে নিম্নমানের তিন নম্বর ইট দিয়ে কাজ শুরু করেন। এসময় ফতেপুর গ্রামের যুবসমাজ ৩ নম্বর ইটের ব্যবহারের প্রতিবাদ করে এবং কাজ বন্ধ করে দেন। নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ করায় রনি ও তাঁর লোকজন গ্রামের কয়েকজন যুবককে মারধর করেন। ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।
গ্রামবাসী জানান, রনি বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামানের নিকটতম আত্মীয়। তাঁর নির্দেশেই এই সড়কে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের জানান, ‘এই রাস্তায় রনি নামের এক ছেলেকে টেন্ডার দেওয়া হয়েছে। ভাটা থেকে যখন ইট কেনা হয়, ভাটার লোকেরা রাস্তার কাজ শুনে ভগিজগি করে তিন নম্বর ইট ঢুকিয়ে দিয়েছে। তাই রনি এসমস্ত ইট দিয়ে কাজ শুরু করেছেন। আমি রনিকে নিষেধ করে দিয়েছি এই ধরণের তিন নম্বর ইট দিয়ে আর কাজ করা যাবে না।’
এলাকাবাসীকে মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কিছুই হয়নি, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সম্ভবত ৭ লাখ টাকা বাজেট রয়েছে এই রাস্তায়। এ ব্যাপারে সাংবাদিককে নিউজ করতে নিষেধও করেছেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান।
কমেন্ট বক্স