দর্শনা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী বুলেটের ভোট বর্জন
- আপলোড তারিখঃ
৩১-০১-২০২১
ইং
জোর করে সিল মেরে নেওয়াসহ ভোট কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
ভোট কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে নির্বাচন বর্জন করেছেন দর্শনা পৌরসভার বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বুলেট। গতকাল শনিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো থেকে পোলিং এজেন্টসহ প্রধান নির্বাচনী এজেন্টকে বের করে দেওয়াসহ ব্যালট পেপারে জোর করে নৌকা প্রতীকে সিল মেরে নেওয়ার ঘটনা ঘটেছে। তাই এই ভোট বর্জন করেছি।’
বিএনপি মনোনিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেট অভিযোগ করে বলেন, ‘গত ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর আমার কর্মী-সমর্থকরা বিধি মোতাবেক পৌরসভার সবগুলো ওয়ার্ডে ব্যানার ও পোস্টার ঝুলান। কিন্তু ১২ জানুয়ারি সরকার দলীয় লোকজন আমার সকল ব্যানার ও পোস্টার ছিঁেড় ফেলে। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু থেকে বিভিন্ন মহল্লায় সরকার দলীয় লোকজন আমার নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করেন। বিষয়টি আমি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং অফিসারের কাছে একাধিকবার অভিযোগ করেছি। তারপরও সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমি আমার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গিয়েছি। গত ২৮ তারিখের সন্ধ্যার পর হতে রাত ১২টা পর্যন্ত সরকার দলীয় লোকজন হ্যান্ড মাইক নিয়ে দর্শনা পৌর এলাকার সকল ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে এবং আমার নির্বাচনী এজেন্টসহ কর্মী-সমর্থকদের বাড়িতে ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। আজ নির্বাচনের দিন সকাল হতে পৌর এলাকার সকল ভোট কেন্দ্রে আমার কোনো পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। যে সেন্টারে পোলিং এজেন্ট গিয়েছে, তাকেই গলাধাক্কা দিয়ে খুন জখমের হুমকি দেখিয়ে সরকার দলীয় লোকজন ভোট সেন্টার হতে বের করে দিয়েছে। সরকার দলীয় লোকজন ভোট কেন্দ্রে প্রবেশ করার পর সকল বুথ দখল করে নির্দ্বিধায় তাদের মনোনীত প্রার্থীর মার্কায় সিল মারছে। এ অবস্থায় দর্শনা পৌরসভা নির্বাচনে যেহেতু সাধারণ ভোটারদের উপস্থিত হতে দেওয়া হচ্ছে না, সেহেতু সাধারণ জনগণের মতের প্রতিফলন ঘটনোর সম্ভাবনা না থাকায় আমি হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌরসভা নির্বাচন বর্জন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।’
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।’
কমেন্ট বক্স