সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে চলছে ক্লাস!
- আপলোড তারিখঃ
৩০-০১-২০২১
ইং
মেহেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় করোনাকালীন সময়ে সরকারি বিধি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী নিয়ে সার্টিফিকেট কোর্স চালাচ্ছে মেহেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, মেহেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অবৈধভাবে শ্রেণিকক্ষ দখল করে সার্টিফিকেট কোর্স পরিচালনা করছে। তবে সাংবাদিকরা সার্টিফিকেট কোর্স পরিচালনার সময় দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় প্রবেশের কয়েক মিনিটের মধ্যে শিক্ষার্থীরা ও শিক্ষক পালিয়ে যান।
চার সপ্তাহ ধরে গোপনে মেহেরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রায় শতাধিক কেমিস্টকে ক্লাস করাচ্ছেন। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের দাবি, তারা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এ সার্টিফিকেট কোর্স পরিচালনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, প্রতি সপ্তাহের শুক্রবার সকল ৯-১১টা ও ১১-১টা পর্যন্ত দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে তাদের ক্লাস নেওয়া হয়। তবে ক্লাসে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হয় না। মানা হয় না সামাজিক দূরত্ব । তারা আরও বলেন, ‘৩ মাসের কোর্স মাত্র ৫টি ক্লাসে শেষ করে দেওয়ার জন্য আমাদের জোর করে চাপ প্রয়োগ করছে।’
সার্টিফিকেট কোর্স কেন্দ্রের দায়িত্বরত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অফিস সহকারী মতিউল হক সাংবাদিকদের বলেন, ‘২ ব্যাচে ২ শ শিক্ষার্থীর ক্লাস চলছে। এটা কোনো যাতা-মাতা কোর্স না। এখানে ডিসিরও ক্ষমতা নেই ক্লাস বন্ধ করার।’
দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওয়াজেদ আলী বলেন, ২০২০ সালের মার্চ পর্যন্ত প্রতি শুক্রবারে ক্লাসের জন্য ওই সমিতির সঙ্গে আমাদের চুক্তি ছিল। তারপর করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আর চুক্তির মেয়াদ বাড়াইনি। তাদের ক্লাস করতে না করেছি। কিন্তু কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন গায়ের জোরে মাদ্রাসার শ্রেণিকক্ষ দখল করে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে।’
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনারুল ইসলাম বলেন, ‘আমাদের এই কোর্স করোনোর জন্য প্রধানমন্ত্রীর অনুমতি আছে। কিন্তু কিছু মানুষ বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছে। আমরা আজ কেন্দ্রে যাচ্ছি।’
কমেন্ট বক্স