হতদরিদ্রদের পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনা হবে
- আপলোড তারিখঃ
১৮-০১-২০২১
ইং
জীবননগরে সরকারি ঘর নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি হাজি আলী আজগার টগর
জীবননগর অফিস:
‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ জীবননগর উপজেলার ১৮ জন গৃহ ও ভূমিহীন অসহায় ব্যক্তিকে তিন শতক জমি ও বরাদ্দ দেওয়া ঘর পরিদর্শনসহ তাঁদের সার্বিক খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগরসহ উপজেলার ১৮টি নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন ফরজ, আ. মালেক মোল্লাসহ স্থানীয় নেতা-কর্মীরা।
এ সময় হাজি আলী আজগার টগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রতি বাংলাদেশের কোথাও গৃহহীন এবং ভূমিহীন থাকবে না। তাদের সবাইকে পর্যায়ক্রমে বসবাসের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হবে। তারই ধারাবাহিকতায় জীবননগর উপজেলায় ১৮ জন ব্যক্তির মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যেসব অসহায় হতদরিদ্র আছে, তাদেরকেও এই সুবিধার আওতায় আনা হবে।
কমেন্ট বক্স