বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আহম্মেদ আলী ও শৈলকুপায় আজম মেয়র নির্বাচিত

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২১ ইং
গাংনীতে আহম্মেদ আলী ও শৈলকুপায় আজম মেয়র নির্বাচিত
দ্বিতীয় ধাপে পৌর নির্বাচন: ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা সমীকরণ প্রতিবেদন: দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের শৈলকুপার কেন্দ্রগুলোতে কুয়াশা ঢাকা শীতের সকালে শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই কেন্দ্রে কেন্দ্রে নারী-পুরুষসহ সব বয়সী ভোটারদের ঢল ছিল। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে ভোট দিতে দেখা গেছে। তবে শান্তিপূর্ণ এই পরিবেশের মধ্যে কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে গুটি কয়েক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু এলাকায় গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। তবে বেশিরভাগ পৌরসভায় ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। এদিকে, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হলে কেন্দ্র দখল, ভোটা প্রদানে বাধা, এজেন্টদের বের করে দেয়া, হামলাসহ বিভিন্ন অভিযোগে মেহেরপুরের গাংনীসহ পাঁচটি পৌরসভায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। বাকী পৌরসভার মধ্যে রয়েছে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা, কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা, পাবনার ঈশ্বরদী পৌরসভা। গাংনী: `` বিপুল ভোটের ব্যবধানে মেহেরপুর গাংনী পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম (জগ) পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট। অপরদিকে, গত নির্বাচনের মতই এবারও শোচনীয় ভোট পড়েছে ধানের শীষ প্রতীকে। বিএনপি সমর্থীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু ধানের শীষ প্রতীকে ৪৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন। ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবু হুরায়রা (হাতপাখ) ২৩০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম (বরশি) ৫৭ ভোট পেয়েছেন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপি প্রার্থী আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রার্থী আবু হুরায়রা ভোট বর্জন করেছেন। গতকাল শনিবার দেশের পৌরসভা নির্বাচনে দ্বিতীয় দফায় গাংনী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম গাংনী পৌরসভা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন রির্টার্নিং কর্মকর্তা, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। এবারের জয় নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলী। ২০১৫ সালের নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও তিনি বর্তমান মেয়র আশরাফুল ইসলামের কাছে পরাজয় বরণ করেছিলেন। ২০১৫ সালের আগের দুটি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। জয়লাভের পর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা নৌকার বিজয় উল্লাস করেন। তারা জড়ো হন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে বিজয়ী প্রার্থী আহম্মেদ আলীকে ফুল দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা। এদিকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা জয়লাভ করেছেন। সংরক্ষিত ১নং ওয়ার্ডে চেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছেন ফিরোজা খাতুন। বাকি দু’টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন নতুন মুখ। সংরক্ষিত ২নং ওয়ার্ডে ঝর্না বেগম ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে সাজেদা খাতুন বিজয়ী হয়েছেন। সাধারণ ওয়ার্ডে ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডে মিজানু রহমান, ৩নং ওয়ার্ডে সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ডে আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডে নাছির উদ্দীন, ৭নং ওয়ার্ডে মোকছেদ আলী, ৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে রাশিদুল ইসলাম খোকন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে গাংনী পৌরসভায় ২০ হাজার ৩৫৭ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২ হাজার ৯১৫ জন। ভোট বাতিল হয়েছে ২৯টি। ভোট পোল হয়েছে ৬৩ দশমিক ৪৪ শতাংশ। ঝিনাইদহ: ``ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতিকে তার প্রাপ্ত ভোট ১০৮৮৭। জয়লাভের মধ্যে দিয়ে আশরাফুল আজম তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তৈয়বুর রহমান খান বাবু জগ প্রতীকে পেয়েছেন ৭২৮১ ভোট। বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫৬৯ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৯২ ভোট। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল শনিবার উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) তৈয়বুর রহমানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলেও বাকি ১৪ কেন্দ্রে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নয়টি ওয়ার্ডের ১৫ কেন্দ্রে ভোটার ২৮৬৩২ জন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত শুক্রবার থেকেই শৈলকুপা পৌর এলাকায় ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি, ৪শ পুলিশ এবং ১৩৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী