দামুড়হুদার কাপার্সডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপলোড তারিখঃ
১৪-০১-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সরকারের খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এসময় কার্পাসডাঙ্গা বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের খাস জমিতে থাকা ৩১টি অবৈধ দোকান স্থাপনা অপসারণ করা হয়।
নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, সরকারি খাসজমিতে কিছু লোক সংঘবদ্ধ হয়ে টিনের তৈরি দোকান ঘর তৈরি করে রেখেছে অভিযোগ পায়। এ বিষয়ে জানার পর গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ৭২ ঘণ্টার মধ্যে এসব অবৈধ দোকান ঘর অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়। তবে ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁরা নিজ ইচ্ছায় তাঁদের দোকান অপসারণ না করায় অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আশপাশে কোন দোকান ঘর করা যাবে না। ভবিষ্যতে এই জমিতে আশ্রয়ণ প্রকল্প, মুক্তিযোদ্ধা লাইব্রেরি বা মুক্তিযোদ্ধা যাদুঘরসহ মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট যে কোন বিল্ডিং নির্মাণ করা যেতে পারে। পরবর্তিতে এই জমিতে যদি কেউ আবার এ ধরণের স্থাপনা গড়ে তোলে তবে আইনি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আরও ১৫টি দোকান ঘর আছে যা আগামী ১৭ জানুয়ারির মধ্যে অপসরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, ভূমি অফিস সহায়ক রানা, জাহিদ, আমির হোসেন, ও কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি এমদাদুল হক। অবৈধ দোকান ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স