বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উভয় পক্ষের আহত ১০, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা চরমে!

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২১ ইং
উভয় পক্ষের আহত ১০, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা চরমে!
গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ গাংনী অফিস: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে শিশিরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ও তাঁর ৫ কর্মী এবং আওয়ামী লীগ প্রার্থীর চার কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা আশরাফুল ইসলামের ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ আশরাফুল ইসলামের। এদিকে, আশরাফুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী। তবে রাতে ঘটনাস্থলের পাশেই পুলিশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার করা হয়। আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী নাজমুল হোসেন (৩৫), উজ্জ্বল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকনুজ্জামান (২৫), প্লাবনকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হামলার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকাজুড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানা পুলিশের একাধিক দল। তাদের সামনে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন আশরাফুল ইসলাম। অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, সোমবার দুপুরে তিনি ও তাঁর সমর্থকরা শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে তিনিসহ ছয়জনকে আহত করে। এসময় হামলাকারীরা আশরাফুল ইসলামের কাছে থাকা ৯ রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার (৭.৬ ক্যালিবার) ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তিনি আরও অভিযোগ করেন, গতকাল প্রথমে তিনি ৭ নম্বর ওয়ার্ড ও পরে ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগ সমর্থকদের গণসংযোগ দেখে ফিরে যান শিশিরপাড়া গ্রামে। শিশিরপাড়া গ্রামের দক্ষিণে শেষপাড়ায় গণসংযোগ শুরু করেন। এসময় বেশ কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে লাঠিসোটা ও লোহার রড নিয়ে তাঁর কর্মী-সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। আশরাফুল ইসলামসহ তাঁর কর্মীদের লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এদিকে ঘটনার সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরাও আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান তাঁদের দেখার জন্য। হাসপাতালের সামনে পৌঁছান প্রার্থী আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কর্মী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে। তবে প্রার্থীসহ নেতৃবৃন্দ তাঁদেরকে নিবৃত্ত করতে সক্ষম হন। এসময় প্রধান সড়কে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। শিশিরপাড়ার ঘটনায় হাসপাতালের সামনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের কাছে বিবৃতি দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র আহম্মেদ আলী। তিনি বলেন, আশরাফুল ইসলাম তাঁর লোকজনকে সঙ্গে নিয়ে অস্ত্রসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। নির্বাচনের সময় ব্যক্তিগত বৈধ আগ্নেয়াস্ত্র অবৈধ হিসেবে বিবেচিত। আশরাফুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি জব্দ ও তাঁকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। কর্মী আহত হওয়ার ঘটনায় আইনি ব্যবস্থাও নিবেন বলে জানান তিনি। এদিকে বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। দুপুরের ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে তাঁর ওপর হামলাকারীদের নামে মামলা দায়ের করা হবে জানিয়ে প্রশাসন ও পুলিশের কাছে ভোটের সুষ্ঠু পরিবেশ দাবি করেন তিনি। এদিকে রাত আটটার দিকে শিশিরপাড়া গ্রামের নুরুল হক নূনীর বাড়ির বিচালি পালার নিচ থেকে রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামির নেতৃত্বে এ অস্ত্র উদ্ধার করা হয়। এবিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, এ ঘটনার পর রাতে শিশিরপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও বলেন, পুরো বিষয়টি পুলিশ সুপার মহোদয় পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা