বছরের প্রথম দিনেই খুন হলেন শরিফুল
- আপলোড তারিখঃ
০২-০১-২০২১
ইং
দর্শনা বড়বলদিয়ায় প্রতিবেশীর সঙ্গে জমি-জমা নিয়ে বিরোধ
ওয়াসিম রয়েল:
দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামে বছরের প্রথম দিনেই জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন শফিকুলের বড় ভাই বিল্লাল হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত শফিকুল ইসলাম বড়বলদিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে বড়বলদিয়া গ্রামের মাঝের পাড়ায় মৃত শুকুর আলীর চার ছেলে বিল্লাল হোসেন, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম ও বিশারত আলী একই এলাকার বগার কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন। দীর্ঘদিন ধরেই ওই ফাকা জমিটি ভোগদখল করে আসছিলেন আরেক প্রতিবেশী মৃত আমির হোসেনের ছেলে আবুল কালাম। প্রায়ই বড় ভাই জালাল উদ্দিন ও শফিকুল জমিটি দখল মুক্ত করার জন্য আবুল কালামকে বললেও কোনো লাভ হয়নি। এ ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় বিল্লাল ও শফিকুল দুই ভাই কালামকে ডেকে জমিটি দখলমুক্ত করতে বলেন। এসময় কালাম আগামী এক মাস সময় চেয়ে নেন তাঁদের থেকে। পরে বিষয়টি মেনে নিয়ে বড় ভাই জালাল উদ্দিন ও শফিকুল বাড়ির উদ্দেশে রওনা দেন।
এসময় পূর্বপরিকল্পিতভাবে আবুল কালাম, সাত্তার আলীর ছেলে কালামের জামাই সুলতান, স্ত্রী মেগি বেগম (৫২), মেয়ে তাজেরা (৩৮), শাহানাজ (৩৫), কালামের নাতি ছেলে সাগর (২২) ও মিরাজ (২০) পিছন থেকে আকস্মিকভাবে লাঠি ও বাঁশ দিয়ে বড় ভাই বিল্লাল হোসেন ও শফিকুল ইসলামের ওপর হামলা চালান। এসময় বড় ভাই বিল্লাল গুরুতর আহত হলেও শফিকুল ঘটনস্থলে মারা যান। পরে স্থানীরা ব্যক্তিরা হৈ চৈ শুনতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনা গুরুতর দেখে পুলিশে খবর দিলে দ্রুত দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে শফিকুলের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে শফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। শেষ খবর পাওযা পর্যন্ত নিহত শফিকুলের বড় ভাই বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।
কমেন্ট বক্স