চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে থাকছে না সাধারণ ছুটি
- আপলোড তারিখঃ
২৮-১২-২০২০
ইং
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গণবিজ্ঞপ্তি জারি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত দিবসের পূর্বরাত অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটোরিক্সা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইঞ্জিনচালিত সকল ধরনের নৌযান, স্পিড বোর্ড চলাচলের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। সে সাথে ২৬ ডিসেম্বর ২০২০ তারিখ দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রিটার্নিং অফিসার কর্তৃক সরবরাহ করা পরিচয়পত্র থাকলে শিথিলযোগ্য। তাছাড়া, সংবাদ সরবারহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সরকার বলেন, আইন অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনাও দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সাধারণ ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্দেশনা না থাকায় পৌর নির্বাচনে কোনো সাধারণ ছুটি থাকছে না। যে সকল প্রতিষ্ঠানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলি বাদে প্রত্যেকটি প্রতিষ্ঠান খোলা থাকবে।
কমেন্ট বক্স