চুয়াডাঙ্গা পৌর নির্বাচন : দলীয় সিদ্ধান্তে আ.লীগের সবাই এককাতারে, তবে বিএনপিতে বিদ্রোহী
বিদ্রোহী প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা : কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক টিপু
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনয়ন দিয়েছে সিরাজুল ইসলাম মনিকে। গত ৩০ নভেম্বর তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সিরাজুল ইসলাম মনি মনোয়ন দাখিল করার পর দলীয় অন্য প্রার্থীরা সরে দাঁড়ালেও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ কারণেই কেন্দ্রীয় বিএনপি তাঁকে বহিষ্কার করেছে।
এদিকে, মজিবুল হক মালিক মজুকে বিএনপি থেকে বহিষ্কার আদেশে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী থাকলেও তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এতে করে দলীয় নেতা-কর্মীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। যেখানে আওয়ামী লীগ থেকে হেভিওয়েট দুজন প্রার্থীসহ অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু দলীয়ভাবে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় বাকি সবাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এককাতারে সামিল হন। সেখানে বিএনপি ধানের শীষ প্রতীকে সিরাজুল ইসলাম মনিকে চূড়ান্ত মনোনীত প্রার্থী ঘোষণা করলেও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। যা নিয়ে শুরু থেকেই তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় প্রথম থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু দল থেকে বহিষ্কার হতে পারেন। আর ভোটের ঠিক চার দিন আগে সেই গুঞ্জনই সত্য হলো।
বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মালিক মজুকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র থেকে অফিসিয়ালি তাঁর সঙ্গে যোগাযোগ করে নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থন করার জন্য বলা হয়, কিন্তু তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। দলের হাইকমান্ড নির্বাচনের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধেও পর্যাক্রমে ব্যবস্থা নেওয়া হবে।’