দেশে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গায় একজন করোনা আক্রান্ত ও ঝিনাইদহে একজনের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ৭০ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় আরও একজন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৫ জন। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলার আলমডাঙ্গা উপজেলায় নতুন তিনজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫২১ জন। নতুন আক্রান্ত ব্যক্তি আলমডাঙ্গা উপজেলার বাসিন্দ, বয়স ২০ বছর।
জানা যায়, গত সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত নমুনার মধ্যে ১৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ১টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ১৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ৯ টি ও জীবননগর উপজেলা থেকে ১টি নমুনাসহ মোট ১০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ২৬৯টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৭৯টি, পজিটিভ ১ হাজার ৬৩৫টি, নেগেটিভ ৫ হাজার ৬৬০টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪০ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৫ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মনিরুজ্জামান (৫৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মনিরুজ্জামান ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামের সফি উদ্দীন আহম্মেদের ছেলে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, প্রকৌশলী মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে করোনা পরীক্ষা জন্য তিনি নমুনা দেয়। হয়। গত ৭ ডিসেম্বর তিনি করোনা শনাক্ত হন। ১০ ডিসেম্বর তাঁকে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেন।
কমেন্ট বক্স