মেহেরপুরে পৌর সড়ক উন্নয়নে প্রভাবশালীর বাধা!
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে প্রভাবশালী একটি মহলের বাঁধায় দীর্ঘদিন ধরে পৌরসভার সড়কগুলোর বেহাল দশায় পরিণত হয়েছে। প্রভাবশালী মহলটি সবসময় সরকারের উন্নয়নে বাঁধা দিয়ে আসছে বলে অভিযোগ মেহেরপুর পৌর মেয়রের। পৌরসভার সড়কগুলো ভরে গেছে খানা-খন্দে। এসব সড়ক সংস্কার করা হয়নি প্রায় দুই যুগ। বছরের পর বছর সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চরম দুর্ভোগ আকার ধারণ করছে। তবে মেহেরপুর পৌর কর্তৃপক্ষের দাবি, করোনাকালীন সময়ে কাজ বন্ধ ও সরকারের উন্নয়ন প্রকল্প একটি মহলের বাঁধার কারণে পৌরসভার সড়কসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।
১৮৬৩ সালে স্থাপিত মেহেরপুর পৌরসভা। ২০০১ সালে ১৭ দশমিক ৬০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রথম শ্রেণিতে উন্নত হয় মেহেরপুর পৌরসভা। প্রথম শ্রেণির এই পৌরসভায় কাগজে কলমে ৪৪ দশমিক ৪৫ কিলোমিটার পিচের সড়কের অস্তিত্ব থাকলেও বাস্তবে ১৫-২০ কিলোমিটার রাস্তায় পিচ খুঁজে পাওয়া যায়। বাকি ৩০ কিলোমিটার রাস্তার অধিকাংশ স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে। শহরের ব্যস্ততম এলাকা বড় বাজারের চৌরাস্তা মোড় থেকে থানা রোডে এখন ইট সুড়কির আস্তা কবলে পরিণত হয়েছে। শহীদ হামিদ সড়ক, শহীদ আরোজ সড়ক, থানা রোড, গোরস্থানপাড়া, পশুহাট দীঘিরপাড়া, চক্রপাড়া, স্টেডিয়াম রোডসহ বিভিন্ন রোডের একই দশা। আবার এসব রাস্তার অনেকগুলোতে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। কোনো কোনো রাস্তায় সামান্য বৃষ্টিতে দীর্ঘদিন পানি জমে থাকে। বর্তমানে এই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ বলেন, প্রায় ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের ১৫ কিলোমিটার রাস্তাসহ ড্রেনের কাজ শেষ হয়েছে। কাঁসারীপাড়ার আবুল হোসেন সড়ক, বাবুয়া বোসের বাড়ির সামনের সড়ক, শহীদ আরোজ সড়কসহ বেশ কয়েকটি রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। তবে করোনাকালীন সময়ের জন্য কাজের কিছুটা বিলম্ব হয়েছে।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, একটি প্রভাবশালী রাজনৈতিক মহল মেহেরপুর পৌরসভার কাজে সব সময় বাঁধা দিয়ে আসছে। সরকার কর্তৃক বরাদ্দের জন্য আবেদন করলেই এ মহলটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাব খাটিয়ে ফাইল আটকিয়ে দেয়। এমনকি বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে প্রকল্প না দেওয়া বা বাতিল করার জন্য হুমকি-ধামকিও দেন।
কমেন্ট বক্স