দেশে ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪
- আপলোড তারিখঃ
১২-১২-২০২০
ইং
চুয়াডাঙ্গার সবগুলো ফলাফল নেগেটিভ, মেহেরপুরে একজন করোনা আক্রান্ত
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১ হাজার ৮৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৩২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৪৪ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। নতুন রোগী বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যুও আবার বাড়ছে। তবে গত বৃহস্পতিবার ও গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছে দুই হাজারের কম। আর বৃহস্পতিবারের চেয়ে গতকাল করোনায় মৃত্যু কমেছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন ১৭টি নমুনার ফলাফলই নেগেটিভ এসেছে। জেলায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৩ জন।
জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ১৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ১৭টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। প্রাপ্ত ১৭টি নমুনার ফলাফলই নেগেটিভ এসেছে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করেনি।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ১০৯টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৮৮৯টি, পজিটিভ ১ হাজার ৬১৫টি, নেগেটিভ ৫ হাজার ৪৯৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪২ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২৩ জন। মেহেরপুর সদর উপজেরার ১৬ জন, গাংনীর ৩ জন ও মুজিবনগরের ৪ জন রয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে ১৬টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। গতকাল প্রাপ্ত উক্ত ১৬টি নমুনার মধ্যে আরো ১টি নমানার ফলাফল পজেটিভ ও বাকী ১৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
কমেন্ট বক্স