চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সমাজে বিশেষ অবদান রাখায় ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ স্লোগানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠান হয়। মহিলাবিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মাকসুরা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকছানা ছন্দা, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া তাঁর জীবদ্দশায় আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নারীদের ঘরের বন্দী জীবনদশা থেকে মুক্তির চেষ্টা ও নারীর অধিকার আদায়ে বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছেন। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন মোট ১০ জন নারীকে সমাজ জীবনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ জয়িতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এদিকে, ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেব পাড়ি’ স্লোগানে জেলা লোকমোর্চা, ওয়েভ ফাউন্ডেশন ও উদীচী শিল্পগোষ্ঠী চুয়াডাঙ্গা সংসদের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির চত্বরে বেলা তিনটায় শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির রায়হান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আলাউদ্দিন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও পৌর কলেজের প্রভাষক হেলেনা পারভীন। আবৃত্তি করেন কানিজ সুলতানা, আব্দুস সালাম, হোসনে আরা হাসি, হাবিব আল হামজা, ইলমা মৈত্রী ও জুবায়ের হাসান। সংগীত পরিবেশন করেন শাওন কুমার রায়, সাইমা নিগার, পূর্ণিমা দাস, প্রশান্ত, দিলরুবা খুকু, অ্যাডভোকেট আলমগীর ও অর্জুন দাস। বাদ্যযন্ত্রে ছিলেন সিরাম ও আরিফুজ্জামান। পরে চুয়াডাঙ্গা উদীচীর পরিবেশনায় নাটক হল্লাবোল মঞ্চায়িত হয়। নাটকের নির্দেশনায় ছিলেন আদিল হোসেন। অভিনয়ে ছিলেন আব্দুস ছাত্তার, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম, বিপ্লব, সম্পা, মৌ, ইউনুস, সেলিম, জুবায়ের, শেখ ফরিদ, শাওন, বাদশা, মাসুদ আরিফ মানু প্রমুখ। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাহিদ ফাতেমা তামান্না।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ, বেগম রোকেয়া দিবস ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন ও আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক পারভীন আক্তার, শান্তনা খাতুন, মোস্তারি খাতুন প্রমুখ। সভা শেষে পাঁচজনকে জয়িতার পুরস্কার তুলে দেওয়া হয়।
জীবননগর:

জীবননগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ উপজেলার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন। উপজেলার পাঁচ জয়িতা হলেন- মনোহরপুর গ্রামের সফল জননী মুসলিমা বেগন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা কাটাপোল গ্রামের রুবিনা খাতুন, সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সন্তোষপুর গ্রামের মরিয়ম খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সেনেরহুদা গ্রামের জয়নব বেগম এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী মনোহরপুর গ্রামের কাজল রেখা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
মেহেরপুর:

মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়িতাদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, জয়িতা দিলারা খাতুন প্রমুখ। সভায় জুমের মাধ্যমে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। আলোচনা সভা শেসে মেহেরপুরে বিভিন্ন অবদানের জন্য পাঁচ জয়িতাকে পুরস্কার প্রদান করা হয়। জয়িতারা হলেন- সমাজ উন্নয়নের ক্ষেত্রে দিলারা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য তানিয়া পারভিন, নির্যাতনের বিভীষিকাময় মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রাফিজা খাতুন, সেরা জননী হিসেবে ফরিদা পারভীন এবং শিক্ষা ক্ষেত্রে আফরোজা আক্তার।
গাংনী:

গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম ও মহিলাবিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক নার্গিস সুলতানা। সভায় বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জনকারী পাঁচজন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যে গাংনী মহিলা কলেজপাড়ার নজরুল ইসলামের মেয়ে তানিয়া পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যে গাঁড়াডোব গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন, সফল জননী নারী সাফল্যে বাদিয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার সাফল্যে হিজলবাড়ীয়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের মেয়ে রাফিজা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে চৌগাছা গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী হুসনিয়ারা খাতুন।
ঝিনাইদহ:

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তারের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, জয়িতা নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।