বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২০ ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় গরু বহনকারী আলমসাধু ও পাওয়ারট্রিলারের সংঘর্ষে আলমগীর বিশ্বাস (৫৪) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে আলমডাঙ্গার আল-আরাফা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আলমগীর বিশ্বাস কুষ্টিয়া ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে। আহতরা হলেন- কুষ্টিয়া ইবি থানার পশ্চিম আব্দালপুর গ্রামের ওমর আলীর ছেলে আশরাফুল ও একই গ্রামের আনোয়ার আলীর ছেলে নসিমন চালক ফিরোজ আলী। জানা যায়, গতকাল দুপুরে কুষ্টিয়া পশ্চিম আব্দালপুর গ্রাম থেকে কয়েকজন গরু ব্যবসায়ী আলমসাধুযোগে গরু নিয়ে আলমডাঙ্গা পশুর হাটে আসছিলেন। এ সময় আলমডাঙ্গার কালিদাসপুর নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি পাওয়ারট্রিলারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর বিশ্বাসের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আলমসাধুর চালকসহ আরও এক গরু ব্যবসায়ী। পরে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গার আল-আরাফা ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে পাওয়ারট্রিলারটি জব্দ করে থানায় নেয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, গরু পরিবহনে ব্যবহৃত আলমসাধু ও পাওয়ারট্রিলারের সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা-কবলিত যানবাহন ও পাওয়ারট্রিলার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এখন নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’